ক্যানবেরা (অস্ট্রেলিয়া): শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনরত তরুণদের সঙ্গে একাত্মতা জানিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা এ দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচিতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যানবেরার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর