ঢাকা: নীট পোশাক কারখানার শ্রমিকদের মৃত্যুজনিত ‘বীমা দাবি’র পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করেছে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)।
এ লক্ষ্যে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে বিকেএমইএ ও জীবন বীমা কর্পোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিকেএমইএ’র সভাপতি এ.কে.এম. সেলিম ওসমান ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরিক্ষীৎ দত্ত চৌধুরী এই স্মারক চুক্তিতে সই করেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাননীয় প্রতিমন্ত্রী বলেন, “শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং শিল্প মালিকদের নিয়মিত পুঁজি প্রবাহের সমন্বয়ের মাধ্যমেই বাংলাদেশে নীট শিল্প শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে।”
শ্রমিকরাই উৎপাদনমুখী শিল্পের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “বীমা দাবির এ পরিমাণ বাড়ানোর ফলে স্বজনহারা পোশাক শ্রমিক পরিবার উপকৃত হবেন।”
এই উদ্যোগের ফলে মালিক-শ্রমিক সম্পর্ক আরো কার্যকর রূপ পেলো বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান বলেন, “নীট শিল্পে কাজ করে বর্তমানে লাখ লাখ শ্রমিক জীবিকা নির্বাহ করছে। তাদের শ্রম ও মেধার ওপর দাঁড়িয়ে এ খাত বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানিখাত এবং বিশ্বে দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে। তাই নীট শিল্পে নিয়োজিত শ্রমিকদের সার্বিক কল্যান বিবেচনা করে এবং এ খাতের শ্রম ব্যবস্থাপনা উন্নয়নের স্বার্থে তাদের বীমা দাবির টাকা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর ফলে দেশের স্বার্থে উৎপাদন বাড়াতে শ্রমিকরা আরো আন্তরিকতার সাথে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিকেএমইএ থেকে ২০০৫ সাল থেকে শ্রমিকদের জন্য জীবন বীমা বাধ্যতামূলক করা হয়েছে এবং এ পর্যন্ত ৩৪২ জনকে মোট ৩,৪১,০০,০০০/- (তিন কোটি একচল্লিশ লাখ) টাকার বীমা চেক প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার মোট ৩০ টি বীমার দাবির বিপরীতে মোট ২৯,৫০,০০০/- (উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার) টাকার বীমা চেক প্রদান করা হয়।
সর্বমোট ৩,৭০,৫০,০০০/- টাকার বীমা দাবি বিকেএমইএ থেকে পরিশোধ করা হচ্ছে বলে জানান বিকেএমইএ সভাপতি।
অনুষ্ঠানে বিকেএমইএ’র পক্ষ থেকে সভাপতি এ.কে.এম সেলিম ওসমান সম্প্রতি স্মার্ট ফ্যাশনের দুর্ঘটনায় নিহত সাত শ্রমিক পরিবারের জন্য ১ লাখ টাকা করে মোট সাত লাখ টাকা মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মিখাইল শিপার এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরিক্ষীৎ দত্ত চৌধুরী উভয়ই শিল্প বিকাশের জন্য এ ধরনের উদ্যোগের প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বিকেএমইএ প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম, সহ সভাপতি মহিউদ্দিন ফরুকী, সহ সভাপতি (অর্থ) শামীম আহমেদ বিকেএমইএ পরিচালক ও বিভিন্ন শিল্প মালিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৩
ইউএম/সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর