 |
ঢাকা: পদ্মাসেতু দুর্নীতির মামলা থেকে বাদ যাওয়া প্রথম মূল্যায়ন কমিটির আহবায়ক ও সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলামসহ কমিটির অপর তিনজনকে ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বৃহস্পতিবার দুদক জিজ্ঞাসাবাদের জন্য এ নোটিশ পাঠিয়েছে।
দুদকের তদন্ত টিম সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম চারজনের ঠিকানায় এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে রফিকুল ইসলামসহ মূল্যায়ন কমিটির সদস্য সড়ক ও জনপথ (সওজ) সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ানকে আগামী ৩ ফেব্রুয়ারি এবং কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেনকে ৩১ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।
এসএনসি লাভালিনের কর্মকর্তা ও কানাডিয়ান নাগরিক রমেশ সাহার ডায়েরিতে ঘুষের তালিকায় নাম থাকলেও দুদকের আসামির তালিকা থেকে বাদ পড়েন তৎকালীন প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম।
পদ্মাসেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলার আসামি মোশাররফ ও সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস রিমান্ড শেষে বর্তমানে কারা হেফাজতে রয়েছেন।
অপর আসামিরা হলেন- সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডের (ইপিসি) ডিএমডি মো. মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক (আন্তর্জাতিক প্রকল্প বিভাগ) মোহাম্মদ ইসমাইল, সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহা ও কেভিন ওয়ালেস।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এডিএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর,সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর