ধামরাই (ঢাকা): ঢাকার-ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘল গ্রামে ৮০ বছরের বৃদ্ধাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ দীঘল গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ছিবারন নেছা (৮০) দীর্ঘদিন ধরে তার নাতি সবেদ আলীর সংসারে বসবাস করে আসছিলেন। কারণে-অকারণে বৃদ্ধা ছিবারন নেছার উপর চলতো অমানুষিক নির্যাতন।
হঠাৎ করে গত বৃহস্পতিবার বিকেলে নাতি সবেদ আলী বৃদ্ধা ছিবারন নেছাকে ঘরের বারান্দার রোমের কাঠের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন বলে এলাকাবাসীর অভিযোগ।
পরে পরিবারের লোকজন স্থানীয়দের ডেকে বলে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এস আই) সেকেন্দার আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
এব্যাপারে ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এস আই) সেকেন্দার আলী বাংলা নিউজকে বলেন, এঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
প্রতিবেদন: বাবুল হোসেন
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর