মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার কুন্ডুপাড়া গ্রামে সোমবার ভোরে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
এ সময় ডাকাতরা গৃহকর্তা ব্যবসায়ী শিবনাথ কুন্ডুকে গুরুতর আহত করে স্বর্ণালংকার নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পরে আহত শিবনাথ কুন্ডুকে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিবনাথ কুন্ডুরে বাড়িতে হানা দেয় ১২-১৫ জনের ডাকাতদল।
এ সময় ডাকাতরা ঘরে ঢুকেই গৃহকর্তা শিবনাথকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদল পূজার ঘরে দেব-দেবীদের গহনাও লুট করে নিয়ে যায়।
সোমবার সকালে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওশের আলী ডাকাতির বিষয়টি নিশ্চিত করে দুপুরে বাংলানিউজকে বলেন, ‘এখনও মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলছে।’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২১, ২০১২
প্রতিবেদন: এম.আর.মুর্তজা
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর