বইমেলা থেকে: দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশ ডাক বিভাগ চালু করেছে ডেবিট কার্ড বা পোস্টাল ক্যাশ কার্ড। অমর একুশে বইমেলায় মাত্র ৩৫ টাকায় এই পোস্টাল ক্যাশ কার্ডটি পাওয়া যাচ্ছে।
প্রচলিত ব্যাংকিংয়ের আদলেই বাংলাদেশ ডাক বিভাগ স্বল্প মূল্যে এই সেবাটি দিচ্ছে। এই কার্ড দিয়ে দেশের যে কোনো ক্যাশ কার্ড সার্ভিসভুক্ত ডাকঘরে টাকা তোলা ও জমা দেওয়া যাবে।
এমনকি এই কার্ড থেকে অন্য কার্ডে টাকা স্থানান্তরও করা যাবে।
ডাক বিভাগ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাদের যে নেটওয়ার্ক আছে তা ব্যবহার করে তথ্যপ্রযুক্তি নির্ভর এই সেবাটি সম্প্রসারণের কাজ করছে।
গত বছরের ২৬ মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক বিভাগের এই আধুনিক কার্যক্রমের উদ্বোধন করেন।
বইমেলার মিডিয়া সেন্টারের পাশে স্থাপিত বাংলাদেশ ডাক বিভাগের স্টল থেকে ৩৫ টাকার বিনিময়ে এই পোস্টাল ডেবিট কার্ড করা যাচ্ছে। তবে ৩৫ টাকার সঙ্গে প্রাথমিক ব্যালেন্স হিসেবে আরও ১০ টাকা জমা দিতে হবে।
ডেবিট কার্ডের জন্য তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে। প্রতিদিন মেলা চলাকালীন এই সেবা পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২