 |
ঢাকা: মৃত্যু তাকে ডাকছে। কিন্তু শেষ বয়সে তার ধরেছে ভীমরুতি । তাই বলে ৯০ বছর বয়সে ১৫ বছরের শিশুকে বিয়ে! এই বিবেকহীন কাণ্ড ঘটিয়েছেন এক সৌদি নাগরিক। মেয়ের পরিবারকে বিশাল অঙ্কের যৌতুক দিয়ে বিয়ের স্বাদ মিটিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছেন ওই সৌদি।
সংবাদ মাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, নিজের বয়স থেকে পাঁচ গুণ বেশি বয়সী বরকে টানা দুই দিন ধরে শোবার ঘরে ঢুকতে দেননি শিশুটি। অবশেষে বাবার বাড়িতে পালিয়ে গেছেন মেয়েটি।
কনের পরিবারের ঘনিষ্টরা জানিয়েছেন, “বিয়ের রাতে মেয়েটি আতঙ্কিত ছিল এবং বাবার বাড়িতে পালিয়ে যাওয়ার আগে টানা দুই দিন ঘরে নিজেকে আটকে রেখেছিলে সে।”
এ ঘটনায় মানবাধিকারকর্মী ও সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে। কিন্তু বিয়ে পাগলা বুড়োর কারও সমালোচনার ধার ধারেন না। স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরে বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন ওই বুড়ো। স্ত্রীকে না পেলে যৌতুকের অর্থ ফেরত চান তিনি।
বৃদ্ধ বর জানিয়েছেন, তার বিয়ে ‘বৈধ ও সঠিক’ ছিল। ইয়েমেনি বাবা ও সৌদি মার মেয়েকে বিয়ে করতে সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার দিয়েছেন তিনি।
মেয়েটিকে এই জঞ্জাল থেকে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। সৌদি ন্যাশনাল এসোসিয়েশন ফর হিউম্যান রাইটসের এক সদস্য সুহাইলা জেইন এল-আবেদিন ‘মেয়েটিকে এ ধরনের বিয়োগান্তক ঘটনা থেকে মুক্ত করতে যত দ্রুত সম্ভব’ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এল-আবেদিন বলেন, “ইসলামে অবশ্যই দুজনের সম্মতির ভিত্তিতে হয় এবং সম্মতির ভিত্তিতে হয়নি বলে মেয়েটি ঘরে নিজেকে আটকে রেখে প্রতিবাদ জানিয়েছে।”
দাদার বয়সী পুরুষের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবা-মাকেও দোষারোপ করেছেন এ মানবাধিকারকর্মী।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একটি শিশু মেয়েকে ৯০ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মেয়েটির বাবা-মাকে তুলোধুনো করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com