 |
ঢাকা: জামায়াতপন্থী কয়েকটি সংবাদপত্র ও সংবাদমাধ্যম সম্প্রতি তাদের নিজেদের ইচ্ছামতো সংবাদ লিখে তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর নামে প্রকাশ করছে। শাহবাগ আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কিছু মন্তব্য ও তথ্য জুড়ে দেওয়া হচ্ছে এসব খবরে। বাংলানিউজ কর্তৃপক্ষ মনে করে, এ তৎপরতা বাংলানিউজের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
জামায়াতের মুখপাত্র হিসেবে পরিচিত একটি সংবাদপত্র রোববারের সংখ্যায় নিহত ব্লগার রাজীবের শাহবাগে জানাজার খবরটি নিজেদের ইচ্ছামতো বিভিন্ন বিতর্কিত বক্তব্য জুড়ে দিয়ে বাংলানিউজের ক্রেডিট লাইনে প্রকাশ করেছে। পত্রিকাটির অনলাইন ভার্সনেও রয়েছে একই ধরনের খবর। বাংলানিউজে প্রকাশিত খবরের সঙ্গে যার কোনো মিল নেই।
শাহবাগ আন্দোলন শুরুর রাত থেকেই নিজস্ব ক্যাম্প অফিস বসিয়ে সেখানকার প্রতিটি আপডেট গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে বাংলানিউজ। সারাদেশ তথা গোটা বিশ্বে বাংলাদেশিদের মাঝে এই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে বাংলানিউজ অবদান রেখেছে এমনটাও স্বীকার করেছেন অনেকেই। শাহবাগ আন্দোলনের মূল চেতনাকে ধারণ করেই বাংলানিউজ শুরু থেকে এই ঘটনায় পেশাদারি সাংবাদিকতার চর্চা করে আসছে।
এমতাবস্থায় বাংলানিউজকে ক্রেডিট লাইনে রেখে ওই জামায়াতি সংবাদপত্র ও মাধ্যমগুলো যে নিজেদের মনগড়া কথা তুলে দিচ্ছে তা একটি ঘৃণ্য কাজ। বাংলানিউজ অভিযুক্ত এ সংবাদপত্রের নাম উল্লেখ করছে না। তবে এ বিষয়ে ওইসব সংবাদপত্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বাংলানিউজ তার পাঠকের কাছে অঙ্গীকারবদ্ধ। তাই জামায়াতপন্থী সংবাদপত্রগুলোর এই হীনতৎপরতাকে বিশ্বাস না করতে পাঠকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বাংলানিউজের সার্বক্ষণিক সঙ্গী হোন আপনিও।
বাংলাদেশ সময় ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: মাহমুদ মেনন, হেড অব নিউজ