ঢাকা : পিকেএসএফ’র চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহামদ বলেছেন, আগামীতে সরকারি প্রকল্পের টাকা পাওয়া নয়, বরং বাস্তবায়নই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ, টাকা থাকলেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে অনেক প্রকল্প বাস্তবায়িত হয় না।
তিনি বলেন, ‘ঢাকা শহরের জন্য আর্থিক সামর্থ্য বড় ব্যাপার নয়, বরং সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়নই প্রধান সমস্যা।’
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নগরায়ণে বাংলাদেশ : বাস্তবতা ও রূপকল্প’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
নগর গবেষণা কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম।
কাজী খলীকুজ্জামান বলেন, ‘বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষের অধিকার রয়েছে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার।’
ঢাকা শহরকে বসবাসের উপযোগী করতে নগর বিষয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, মে ১৩, ২০১২
এমআইআর/সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর