ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ খেলা একজন ক্রিকেটারের স্বপ্ন। লোভনীয় সম্মানী পাওয়া যায় ভারতের এই টি-টোয়েন্টি ক্রিকেটে খেলে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এবারও চুক্তি আছে সাকিব আল হাসানের। তামিম ইকবালের চুক্তি হয়েছে পুনে ওয়ারিয়র্সের সঙ্গে। কিন্তু এই দু’জনই বোধহয় এবার আর আইপিএল খেলতে পারছেন না। কারণ ওই সময় জাতীয় দলের খেলা থাকবে জিম্বাবুয়েতে।
আইপিএল শুরু হবে ৩ এপ্রিল থেকে। কিন্তু বাংলাদেশ দল জিম্বাবুয়ে যাবে ৯ এপ্রিল। ফিরতে ফিরতে মে মাসেরও অর্ধেকটা চলে যাবে। সেক্ষেত্রে সাকিব-তামিমের আইপিএল খেলার সুযোগ কোথায়। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন এ সম্পর্কে বলেছেন,‘আগে দেশের খেলা খেলতে হবে। এটা স্বাভাবিক নিয়ম। তারাও এটা ভালো করে জানে। আমি নিশ্চিত তারাও এমন কোন আবদার করবে না।’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফরমেন্স আছে সাকিবের। তার দল বর্তমান চ্যাম্পিয়নও। সেদিক থেকে শাহরুখ খান বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারকে দলে পেতে মুখিয়ে থাকবেন। অন্যদিকে তামিম আগেরবার পুনে ওয়ারিয়র্সে থাকলেও কোন ম্যাচ খেলেননি। এবার খেলার সম্ভাবনা থাকলেও খেলতে আইপিএলে যেতেই পারছেন না।
বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৩
এসএ/এএইচবি