 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
হবিগঞ্জ: ছয়টি মামলায় বৃহস্পতিবার হবিগঞ্জে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৯৪ নেতাকর্মী জামিন পেয়েছেন।
এর মধ্যে দ্রুত বিচার আইনের পাঁচটি মামলায় হবিগঞ্জের ৭৩ নেতাকর্মী এবং গাড়ি ভাংচুর মামলায় জেলার বানিয়াচং উপজেলার দলীয় ২১ নেতাকর্মী জামিন লাভ করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিবাদীরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসলেহ উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
উল্লেখযোগ্য বিবাদীরা হলেন- জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ডা. আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, ইসলাম তরফদার তনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, কৃষকদল সভাপতি মুখলিছ উর রহমান চৌধুরী, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।
আদালতে বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন খালিকুজ্জামান চৌধুরী, আহছানুল বর চৌধুরী, আরিফ চৌধুরী, মনজুর উদ্দিন আহমেদ শাহীন, সালেহ উদ্দিন প্রমুখ।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌশুলি এম আকবর হোসেন জিতু।
প্রসঙ্গত, ২১ এপ্রিল বিকেলে হবিগঞ্জ শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। এ সময় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সরকারি স্থাপনা ভাংচুর করে।
এ ঘটনায় ভাংচুরকৃত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সাত শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
এর আগে ১০ মে দ্রুত বিচার আইনের পাঁচটি মামলায় বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে এক সপ্তাহের জামিন নিয়েছিলেন।
এদিকে, ২২ এপ্রিল দলের বানিয়াচং উপজেলার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক শ্রমিক নেতা বাদী হয়ে ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
প্রতিবেদন: জিয়া উদ্দিন দুলাল/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর