 |
যশোর: সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় যশোরের ১২ মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
শনিবার যশোর জিলা স্কুলে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮ উপজেলা থেকে নির্বাচিত ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ৩টি বিভাগে ৪টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ের ১২ মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৬ জন ছেলে ও ৬ জন মেয়ে রয়েছে।
বিকেলে জিলা স্কুল মিলনায়তনে নির্বাচিত শ্রেষ্ঠ মেধাবীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ হোসেন পনির।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ। অতিথিরা নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
যশোর জেলার শ্রেষ্ঠ মেধাবী ১২ শিক্ষার্থীরা হলো- ভাষা ও সাহিত্যে পুলিশ লাইন স্কুলের তাহরিমা রহমান অনন্যা(৭ম শ্রেণী), নিউটাউন বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিউটটের সাদিয়া আফরিন(১০ম শ্রেণী) ও শেখ আকিজ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের সুমাইয়া নাজনীন চৈতী (একাদশ শ্রেণী), গণিত ও কম্পিউটার বিষয়ে পুলিশ লাইন স্কুলের রাফে সামনান ও মুন্তাসির মামুন (১০ম শ্রেণী), মণিরামপুর ডিগ্রি কলেজের তামান্না খাতুন (দ্বাদশ), দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ঝিকরগাছা উপজেলার এমএল মাধ্যমিক বিদ্যালয়ের দীপায়ন কর্মকার (৮ম শ্রেণী), বিজ্ঞান বিষয়ে শেখ আকিজ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের এ.এম রিফাত তানজীর আহমেদ (১০ম শ্রেণী) ও ইকরামুল ইসলাম (একাদশ শ্রেণী), বাংলাদেশ স্টাডিজ বিষয়ে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের খন্দকার তাসনিয়া হক (৭ম শ্রেণী), বিএএফ শাহীন কলেজের বিএম রাফসান জানি দিবস (১০ম শ্রেণী) ও জোবায়দা আফসানা (একাদশ শ্রেণী)।
নির্বাচিত ১২ মেধাবী বিভাগীয় পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ হোসেন পনির বাংলানিউজকে বলেন, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে প্রকৃত মেধাবীরা বেরিয়ে আসবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর