ময়মনসিংহ : জামায়াতের ডাকা সোমবারের হরতাল চলাকালে ময়মনসিংহে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা বা নাশকতা ঠেকাতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হরতালে শহরের গুরুত্বপূর্ণ ২৩ টি স্থানে তৎপর থাকবে সাড়ে ৩’শ পুলিশ। হরতাল চলাকালে জামায়াত-শিবির নাশকতা বা চোরাগোপ্তা হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার মধ্য রাতে ময়মনসিংহ শহরে পুলিশের ৭ টি মোবাইল টিম ও ৩ টি ফাঁড়ি পুলিশের ৩টি টহল দল মাঠে নেমেছে।
পুলিশের একজন উপসহকারী পরিদর্শক (এসআই) মোবাইল দলের নেতৃত্বে রয়েছেন। একটি দলে গড়ে রয়েছেন ৭ জন করে পুলিশ সদস্য। ৩ থেকে ৪ সদস্য বিশিষ্ট ফাঁড়ি পুলিশের দলের নেতৃত্বে রয়েছেন প্রতি ফাঁড়ি পুলিশের টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই)।
কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর থেকে শহরের গাঙ্গিনারপাড় মোড়, নতুন বাজার মোড়, চরপাড়া মোড়, মাসকান্দা মোড় ও জিলা স্কুল মোড়সহ ২৩ টি গুরুত্বপূর্ণ স্থানে ২৮১ জন পুলিশ সদস্য তৎপর থাকবেন।
তাদের পাশাপাশি কোতোয়ালী মডেল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) নেতৃত্বে ৩টি বিশেষ দল হরতালে মাঠে থাকবে। এসব দলে গড়ে ৩ থেকে ৪ জন করে পুলিশ সদস্য থাকবেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, হরতালে পুলিশ সক্রিয় থাকবে। জামায়াত-শিবির যাতে কোনো নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে না পারে সেইজন্যে পুলিশ তৎপর রয়েছে।’
এদিকে, সম্প্রতি কয়েকটি হরতালের আগের রাতে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছিল জামায়াত-শিবির। শহরের রাস্তায় টায়ারে আগুন দিয়ে মুহুর্তেই পথচারী ও শহরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল।
কিন্তু সোমবারের হরতালের আগের রাতে ময়মনসিংহে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি জামায়াত-শিবির। হঠাৎ করেই আত্নগোপনে রয়েছে দলটির নেতাকর্মীরা। ধরপাকড় এড়াতে তারা প্রতিনিয়ত বাসস্থান ও মোবাইল সিম বদলাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নেতাদের নতুন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। অনেকটাই হাওয়া হয়ে গেছেন দলটির নেতাকর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার কক্সবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের ৩ জন নিহত হওয়ার প্রতিবাদে জামায়াত সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় দলটি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর- মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com