চট্টগ্রাম: নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকা নাসির উদ্দিন (২৫) নামে এক স্কুল শিক্ষক ও সক্রিয় জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
তার কাছ থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে উস্কানিমূলক ও বিতর্কিত কথাবার্তা লেখা বিপুল পরিমাণ লিফলেট এবং চাঁদার রসিদ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা টিকেট প্রিন্টিং স্কুলের বারান্দা থেকে তাকে আটক করা হয়। নাসির উদ্দিন ওই স্কুলের শিক্ষক।
খুলশী থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, আটকের পর নাসির জানিয়েছে, সে জামায়াতের সক্রিয় কর্মী। দলের নির্দেশে নাসির লিফলেটগুলো তার কাছে রেখেছিল। এছাড়া নাসির নিয়মিত দলের বায়তুল মাল সংগ্রহ করে।
লিফলেটে বিতর্কিত ট্রাইব্যুনাল মানিনা, আল্লামা সাইদীকে মুক্তি দেয়াসহ ১৯টি উস্কানিমূলক পয়েণ্ট আছে বলে ওসি জানান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, `নাসিরকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।`
বাংলাদেশ সময়: ১৯৫৯ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
আরডিজি/টিসি