সিলেট: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হল মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল (৫৫)।
তার বাড়ি মৌলভীবাজার উপজেলায়। তিনি একই সঙ্গে টুকেরবাজারের শাহপুর মখলিছুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।
মঙ্গলবার রাত ৮টায় শহরতলীর সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজারের গৌরীপুরে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ইমাম অটোরিকশা থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সুনামগঞ্জের ছাতকে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। অটোরিকশায় তিনি একাই ছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলে মাওলানা আব্দুল জলিল নিহত হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানা পুলিশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
নিহত আব্দুল জলিল কয়েক যুগ ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অফিসার্স অসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফখর উদ্দিন।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
এসএ/ সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর