ঢাকা: চট্টগ্রাম বন্দর উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে সফররত সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শেইখা লুবনা বিনতে খালেদ আল কাসিমি সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে নৌপরিবহনমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, তৃতীয় সমুদ্রবন্দর ও চট্টগ্রাম বন্দরের লালদিয়া বাসটার্মিনাল নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন। সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী তার দেশের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান বিন সুলায়েম, ডিপার্টমেন্ট অব জয়েন্ট কমিশনের পরিচালক সায়ীদ হামদান আল নাকবী, মোহাম্মদ শারাফ ও অনিল সিং প্রমুখ।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সিঅ্যান্ডসি ডব্লিউ) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর