 |
| ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফার.কম |
নিউমার্কেট থেকে: হরতালের দিন রোববার ভোরবেলা থেকে রাস্তায় যানবাহন চলাচল তেমন দেখা যায়নি।রাস্তায় যানবাহন বলতে শুধু পুলিশ আর সাংবাদিকদের গাড়ি চলাচল করতে দেখা গেছে।
উত্তরা থেকে খিলক্ষেত, গুলশান, বনানী, মহাখালী, তেজগাঁও শিল্প এলাকা, নাবিস্কো, সাতরাস্তা, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, নিউমার্কেটে হয়ে আজিমপুর রোডে এই চিত্র দেখা যায়।
ভোর ৬ টা ১২মিনিটে আবদুল্লাহপুর থেকে একটিমাত্র বাস কিছু যাত্রী নিয়ে শাহবাগ হয়ে মতিঝিলের দিকে গিয়েছে। এছাড়া রাস্তায় অল্প কিছু সিএনজি অটোরিক্সা ও সিটি করপোরেশনের গাড়ি চলতে দেখা গেছে।
রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। সকাল ৬ টা ৪০ মিনিটের আগে এসব রাস্তায় পুলিশ, পরিষ্কারকর্মী ছাড়া তেমন কোনো মানুষজন দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় চলাচল সীমিত আকারে বাড়তে থাকে।
প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের আগের দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্নস্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময় ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২
এমআইআর/সম্পাদনা : সুমন পাল ও মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর