চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর তৃতীয় কর্ণফুলী সেতুর দক্ষিণ পাড়ে সোমবার দিবাগত রাতে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় মধ্যবয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনার পর এলাকাবাসী সেতুর ওপর ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সেতুর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে রাত দেড়টার দিকে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।
নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার নাইমুর রহমান বাংলানিউজকে জানান, রাত সোয়া ১০টার দিকে সেতুর দক্ষিণ পাড়ে মইজ্জারটেক এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কর্ণফুলী থানার ওসি বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে এলাকার শত শত মানুষ সেতুর দক্ষিণ পাড়ের প্রবেশ মুখে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে অবরোধ করেন।
সহকারী কমিশনার নাইমুর রহমান জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে ফুট ওভারব্রিজ নির্মাণের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে লোকজন অবরোধ তুলে নেয়।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুন ০৫, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর