 |
হ্যারি পটার খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসনকে এবার দেখা যাবে সিন্ডারেলার সাজে। সম্প্রতি ডিজনির নতুন লাইভ-অ্যাকশন সিন্ডারেলা সিনেমায় সিন্ডারেলা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তরুণ অভিনেত্রী।
জানা গেছে, অনেক আগে থেকেই সিন্ডারেলার চরিত্রের জন্য এমা ওয়াটসনের নাম শোনা যাচ্ছিলো। এবং সিনেমাটিতে সিন্ডারেলার সৎ মায়ের চরিত্রে অভিনেত্রী কেট ব্লানচেট অভিনয় করবেন বলে গুজব ছড়িয়ে ছিল। তবে গত নভেম্বর পর্যন্ত কথাটি গুজব শোনালেও সম্প্রতি সিন্ডারেলার সৎ মায়ের চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন কেট ।
ডিজনির এই নতুন লাইভ-অ্যাকশন সিন্ডারেলা সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক কেনেথ ব্রানাঘ এবং সিনেমাটির স্ক্রিপ্ট লিখবেন ‘এবাউট এ বয়’, ‘অ্যান্টস’ ও ‘দ্যা গোল্ডেন কম্পাস’ খ্যাত স্ক্রিপ্ট লেখক ক্রিস ওয়েটস।
এমা ওয়াটসনের আগে ‘২৮ উইকস লেটার’ খ্যাত অভিনেত্রী ইমোজেন পুট এবং ‘দ্যা থ্রি মাস্কেটারস’ খ্যাত তারকা গ্যাব্রিয়েলা ওয়াইল্ড সহ বেশ কিছু অভিনেত্রীর এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা থাকলেও ডিজনি এদের কাউকেই শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেনি।
২০১১ সালে হ্যারি পটার সিরিজের কাজ শেষ হবার পর এমা ওয়াটসন নিজেকে ‘মাই উইক উইথ মেরিলিন’ এবং ‘এ পার্কস অফ বিইং ওয়াল ফ্লাওয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যস্ত রেখেছেন।
শিগগিরই সোফিয়া চপ্পলা পরিচালিত সিনেমা ‘দ্যা ব্লিং রিং’ এবং বাইবেলের কাহিনী ভিত্তিক চলচিত্র ‘নোয়াহ’ তে হলিউড অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এই তরুণ অভিনেত্রীকে।
সূত্র: এনএমই
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমকে/একেএ