৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:০০ এএম BDST banglanew24
15 May 2012   01:37:12 PM   Tuesday BdST
E-mail this

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেয়াল’ প্রকাশে নিষেধাজ্ঞা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেয়াল’ প্রকাশে নিষেধাজ্ঞা

ঢাকা: বঙ্গবন্ধুর হত্যা সম্পর্কিত ভুল তথ্য সংশোধন না করা পর্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাস প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ভুল সংশোধনের  নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত বলেছেন, ``হুমায়ূন আহমেদ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি বর্তমানে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার ওপরে আদেশ দিয়ে তাকে আমরা বিব্রত করতে চাই না। আবার নতুন প্রজন্ম ভুল ইতিহাস জানুক সেটাও চাই না। কারণ মীর মশাররফের বিষাদসিন্ধুতে কারবালার ইতিহাস যেভাবে অতিরঞ্জিত করে বর্ণনা করা হয়েছে, মানুষ সে ইতিহাস সেভাবেই জানে।``

এ কারণে আদালত শিক্ষা, তথ্য ও সংস্কৃতি সচিবকে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সাক্ষ্য-বিবরণ হুমায়ূন আহমেদের কাছে সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন। যাতে তিনি ভুল সংশোধনের সুযোগ পান।

১২ দিনের মধ্যে তথ্যসচিব, শিক্ষাসচিব ও সংস্কৃতিসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ``বঙ্গবন্ধুর হত্যা সম্পর্কিত ভুল তথ্য সংশোধন না করা পর্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের `দেয়াল` উপন্যাস প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।``

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’-এর দুটি অধ্যায় গত ১১ মে শুক্রবার দৈনিক প্রথম আলোর  সাহিত্য সাময়িকীতে ছাপা হয়। এতে ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের একটি বিবরণ রয়েছে।

সোমবার হুমায়ূন আহমেদের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

সোমবার আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, ``হুমায়ূন আহমেদের ওই উপন্যাসে হত্যাকাণ্ডের বিবরণ যথাযথভাবে প্রকাশ পায়নি। এক জায়গায় তিনি লিখেছেন `বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ তাদের মাঝখানে রাসেলকে নিয়ে বিছানায় জড়াজড়ি করে শুয়ে থরথর করে কাঁপছিলেন। ঘাতক বাহিনী দরজা ভেঙে ভেতরে ঢুকল। ছোট্ট রাসেল দৌড়ে আশ্রয় নিল আলনার পেছনে। সেখান থেকে শিশু করুণ গলায় বললো, তোমরা আমাকে গুলি করো না। শিশুটিকে তার লুকানো জায়গা থেকে ধরে এনে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হলো।``

কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলায় ঘটনার একটি স্বীকৃত বিবরণ রয়েছে। তাতে দেখা যায়, বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে রমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে রাসেলকে হত্যা করা হয়।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের উদ্ধৃতি দিয়ে আলতাফ হোসেন বলেন, ``হুমায়ূন আহেমেদের একটি অপ্রকাশিত বইয়ের পত্রিকায় প্রকাশিত অংশে ভুল তথ্য রয়েছে। প্রকৃত সত্য হলো বঙ্গবন্ধুর ছোট ছেলে রাসেল মায়ের কাছে যেতে চাইলে তাকে হত্যা করা হয়। সেই দৃশ্যের বর্ণনার কাছে বিষাদ সিন্ধুর বিয়োগান্তক বর্ণনাও হার মানে । এই ভুল সংশোধন করা না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। শুনানি শেষে তিন সচিবকে ভুল সংশোধনের বিষয়ে পদক্ষেপ নিতে হুমায়ূন আহমেদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।``

আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধু হত্যা মামলার পেপারবুক দিয়ে হুমায়ূন আহমেদকে সহায়তা করতে বলেছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ``তার উপন্যাসে শিশু শেখ রাসেলের হত্যাকাণ্ডের বর্ণনা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।``

প্রথম আলোর ১১ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘দেয়াল` হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস। এ উপন্যাসের পটভূমি ১৯৭৫ সালে ঘটে যাওয়া বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য রাজনৈতিক ঘটনা। সাময়িকীর পাঠকের জন্য সুবিশাল এ উপন্যাসের দুটি অধ্যায় এখানে ছাপা হলো।``

এর একটি অংশে বলা হয়, ``ঢাকা মসজিদের শহর। সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজান হচ্ছে। আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানান কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর, তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্টেনগান। শেখ মুজিবের হাতে পাইপ। তাঁর পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি।

শেখ মুজিব বললেন, `তোমরা কী চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা-আমতা করতে লাগল। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা চাও কী?`

মেজর মহিউদ্দিন বলল, ‘স্যার, একটু আসুন।’

‘কোথায় আসব?’

মেজর আবারও আমতা-আমতা করে বলল, ‘স্যার, একটু আসুন।’

শেখ মুজিব বললেন, ‘তোমরা কি আমাকে খুন করতে চাও। পাকিস্তানি সেনাবাহিনী যে কাজ করতে পারেনি, সে কাজ তোমরা করবে?’

‘এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এল মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশফায়ার করল। সময় ভোর পাঁচটা চল্লিশ। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনো বঙ্গবন্ধুর হাতে তাঁর প্রিয় পাইপ।

বত্রিশ নম্বর বাড়িটিতে কিছুক্ষণের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল।’

‘বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ তাঁদের মাঝখানে রাসেলকে নিয়ে বিছানায় জড়াজড়ি করে শুয়ে থরথর করে কাঁপছিল। ঘাতক বাহিনী দরজা ভেঙে ভেতরে ঢুকল। ছোট্ট রাসেল দৌড়ে আশ্রয় নিল আলনার পেছনে। সেখান থেকে শিশু করুণ গলায় বলল, তোমরা আমাকে গুলি কোরো না।’

‘শিশুটিকে তার লুকানো জায়গা থেকে ধরে এনে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। এরপর শেখ জামাল ও শেখ কামালের মাত্র কিছুদিন আগে বিয়ে হওয়া দুই তরুণী বধূকে হত্যার পালা।’

‘বঙ্গবন্ধুর ভগ্নিপতি মন্ত্রী সেরনিয়াবাত এবং ভাগনে শেখ মণির বাড়িও একই সঙ্গে আক্রান্ত হলো। সেখানেও রক্তগঙ্গা। শেখ মণি মারা গেলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। পিতামাতার মৃত্যুদৃশ্য শিশু তাপস দেখল খাটের নিচে বসে। এই শিশুটি তখন কী ভাবছিল? কেবিনেট মন্ত্রী সেরনিয়াবাত মারা গেলেন তাঁর দশ-পনেরো বছরের দুই কন্যা, এগারো বছর বয়সী এক পুত্র এবং মাত্র পাঁচ বছর বয়সী এক নাতির সঙ্গে।’

উল্লেখ্য, উপন্যাসটির ওপর প্রশস্তিমূলক একটি নিবন্ধও প্রকাশ করেছে প্রথম আলো। এটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।

উপন্যাসটির দুটি অধ্যায় প্রকাশিত হওয়ার পর ফেসবুক-টুইটার-ব্লগসহ স্যোসাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তাদের অভিমত, ``যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো`` --এই স্লোগানধারী দৈনিক সংবাদপত্রটি ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটিয়ে লেখা এমন একটি উপন্যাস প্রকাশ করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে; যা একই সঙ্গে দুরভিসন্ধিমূলকও বটে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১৫, ২০১২
এমইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/ ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান