বাসাবো এলাকা থেকে: জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের শুরুতে রাজধানীর বাসাবোতে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।
সকাল সাতটায় বাসাবো বালুর মাঠের সামনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ছাত্রশিবির নেতারা বলেন, “এ সরকার জনগণের সরকার নয়।তারা যখন ইচ্ছা তখন জিনিস পত্রের দাম বাড়াচ্ছে। তাই এই সরকারের পতন ঘটাতে হবে।”
এ সময় চটের বস্তায় অগ্নিসংযোগ করে শিবির কর্মীরা রাস্তা অবরোধ করে রাখে। তবে ওই সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি।
একই সময় কাছাকাছি স্থানে আরেকটি মিছিল বের করে শিবির। তবে ওই মিছিলে পুলিশ ধাওয়া করে। তবে কাউকে আটক করতে পারেনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। `জনস্বার্থে`র এই হরতালে সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
জ্বালানি তেলের দাম বাড়ানো হলে হরতাল দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে অনুযায়ী দলের স্থায়ী কমিটি এবং ১৮ দলের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার হরতালের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর