 |
সিলেট: ঢাকা থেকে র্যাবের হাতে আটক হওয়া জামায়াতের সিলেট মহানগর শাখার আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে ছেড়ে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট জামায়াতের নেতারা।
রোববার সকাল সাড়ে ৮টায় নগরীতে একটি ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এমন ঘোষণা দেন দলটির শীর্ষ নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বন্দরবাজার থেকে শতাধিক জামায়াত-শিবিরকর্মী মিছিল শুরু করে জেলরোড দিয়ে যায়। মিছিলে নেতৃত্ব দেন- জামায়াতের সিলেট মহানগরের নায়েবে আমীর ডা. সায়েফ আহমদ ও সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন।
মিছিল শেষে তারা বক্তব্যে এই ঘোষণা দেন ‘‘৪৮ ঘণ্টার মধ্যে জুবায়েরকে ছেড়ে দিতে হবে। না ছাড়লে হরতাল ডাকা হবে।’’
জামায়াত সূত্র জানায়, সোমবার শুরু হওয়া ১৮ দলীয় জোটের টানা দু’দিনের হরতাল শেষে জুবায়েরকে মুক্তির দাবিতে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হবে।
উল্লেখ্য, রোববার দিনগত রাত ৩টায় রাজধানীর উত্তরার একটি গেস্ট হাউজ থেকে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের বর্তমান আমীর এহসানুল মাহবুব জুবায়েরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। তার বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/জেডএম