ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার দেশজুড়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের শুরুতে রাজধানীর ডেমরা রোডে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। স্থানীয় ৮৪ নং ওয়ার্ড যুবলীগের অফিসের সামনে সকাল সাড়ে সাতটায় ককটেল দু’টির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ঘটনাস্থলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কেউ উপস্থিত না থাকলেও ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে।
এর আগে দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে মিছিল বের করে পিকেটিংয়ের চেষ্টা করে হরতাল সমর্থকরা। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ সাত আট রাউন্ড রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর