 |
নড়াইল: ‘তুমি জানোনা, জানোনা রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা...’, ‘এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে...’ বিখ্যাত এ মরমী গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকারের ১১০তম জন্ম বার্ষিকী ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ।
এ বছর (২০১২) একুশে পদকে ভূষিত চারণকবি কবিয়াল বিজয় সরকারের ১১০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিজয় ফাউণ্ডেশনের পক্ষ থেকে শিল্পীর জন্মস্থান ডুমদিতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রচারবিমুখ ও নির্ভৃতচারী এই সংগীত সাধক আসরের মঞ্চে বসেই গান রচনা করে তাৎক্ষণিকভাবে সুর করে তা পরিবেশন করতেন। দীর্ঘ সংগীত জীবনে তিনি প্রায় দুই হাজার গান লিখেছেন।
এর মধ্যে রয়েছে বিচ্ছেদি গান, শোক গান, ইসলামী গান, আধ্যাত্মিক গান, দেশের গানসহ ১৮শ’ ৮০টি গান।
তিনি বাংলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং রেডিও-টেলিভিশনেও কবিগান পরিবেশন করেন।
বাংলা সংগীত জগতের অমর ব্যক্তিত্ব ও অমর সংগীত সাধক এই আধ্যাত্মিক কবিয়াল ১৯০৩ সালের ১৯ ফেব্রুয়ারি তৎকালীন নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয় অধিকারী। দশ ভাইবোনের মধ্যে বিজয় ছিলেন সবার ছোট।
তার আসল নাম বিজয় অধিকারী। কবি তার ভক্ত ও স্থানীয়দের কাছে ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। তার পারিবারিক উপাধি ছিল বৈরাগী।
১৯২৫ সালে, তিনি গোপালগঞ্জের কবিয়াল মনহর সরকার এবং রাজেন্দ্রনাথ সরকারের সংস্পর্শে আসেন। ১৯২৯ সালে বিজয় সরকার নিজেই কবি গানের দল গঠন করেন। ১৯৩৫ সালে কলকাতার এ্যালবার্ট হলে কবি গানের এক আসরে তিনি গান গেয়ে প্রশংসিত হন।
ওই আসরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিম উদদীন, কবি গোলাম মোস্তফা, কন্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
বাংলা গানের মরমী এই সাধক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ডক্টর মো. শহীদুল্লাহ, দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব, চারু শিল্পী এস.এম সুলতান সহ অসংখ্য গুনীজনের সান্নিধ্য লাভ করেছেন।
চারণ এই কবি ভারতে চিকিৎসাধীন অবস্থায় ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
ব্যক্তি জীবনে সংগীত সাধনার স্বীকৃতি স্বরুপ এই চারণ কবি পেয়েছেন নানা সম্মাননা ও পুরস্কার। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি কলকাতার ‘ভারতীয় ভাষা পরিষদ’ তাকে সংবর্ধনা জানায়।
শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর একুশে পদক (মরণোত্তর) পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত এ কবিয়াল।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর