 |
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচকের উত্থান-পতন প্রবণতায় লেনদেন শেষ হয়। এ সময় ডিএসই’র সূচক ও লেনদেনের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
জানা যায়, গত সপ্তাহে দাম কমার শীর্ষে ছিল আথির্ক খাতের প্রতিষ্ঠান। সপ্তাহের মোট চার কাযর্দিবসে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে এ খাতের ৫টি কোম্পানি। কোম্পানিগুলো হলো- মাইডাস ফিন্যান্স, ফাস ফিন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, বিডি ফিন্যান্স এবং আইসিবি।
তবে সপ্তাহের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমার শীর্ষে অবস্থান করছে মাইডাস ফিন্যান্স কোম্পানির শেয়ার। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম ২২ দশমিক ৬৬ শতাংশ কমেছে।
গত সপ্তাহে মাইডাস ফিন্যান্স কোম্পানির মোট ৯৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার দৈনিক গড় দাঁড়ায় ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, ২০০২ সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪ কোটি ১৬ হাজার টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩৮ শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১ দশমিক ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদর কাছে ১৮ দশমিক ৪৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩০ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, মাইডাস ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
২০১২ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির লোকসান হয়েছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা, শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৯৯ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১০ দশমিক ০৫ টাকা।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- মাইডাস ফিন্যান্স (২২ দশমিক ৬৬ শতাংশ দাম কমেছে), ফাস ফিন্যান্স (৯ দশমিক ৬৬ শতাংশ), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স (৮ দশমিক ৭৫ শতাংশ), সাভার রিফ্রাক্টরি (৮ দশমিক ০৪ শতাংশ), ডেল্টা লাইফ ইন্সুরেন্স (৭ দশমিক ৯৮ শতাংশ), এবি ব্যাংক (৬ দশমিক ২৫ শতাংশ), বিডি ফিন্যান্স (৫ দশমিক ৭৭ শতাংশ), মডার্ ডায়িং (৫ দশমিক ৭৭ শতাংশ), আইসিবি (৫ দশমিক ৭৪ শতাংশ) এবং সোনালী আঁশ (৫ দশমিক ৬৪ শতাংশ)।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা,জানুয়ারি ০৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর