 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প নগরীতে সোমবার রাতে একটি রপ্তানিমুখী গার্মেন্ট প্রতিষ্ঠানে অসাবধানতবশত আগুনের সঙ্কেত বাজানোতে (ফায়ার সাইরেন) আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের বেশীরভাগই নারী শ্রমিক।
৬তলা ভবনের বিভিন্ন তলা থেকে শ্রমিকেরা ভয়ে লাফিয়ে ও হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হওয়ার এ ঘটনা ঘটে। আহতদের সকলকে শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হাসপাতালে জরুরি বিভাগে শ্রমিকদের স্থান সংকুলান না হওয়ায় অনেককে মেঝেতে শুইয়ে রাখা হয়। এত রোগীকে সামাল দিতে ডাক্তারদেরও চরম হিমশিম খেতে হয়।
ফতুল্লা মডেল থানার এস আই আমজাদ হোসেন জানান, ফতুল্লার বিসিক শিল্প নগরীতে ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স গার্মেন্টে সোমবার রাতে রাতের শিফটের কাজ চলছিল। রাত ৯টায় হঠাৎ করে গার্মেন্টে আগুন ধরার সতর্ক সঙ্কেত বাজতে থাকে। এসময় গার্মেন্টে আগুন ধরেছে এমন আতঙ্কে ৬ তলা ভবনের বিভিন্ন তলায় থাকা শ্রমিকেরা নিচে নামাতে থাকে। দ্রুত হুড়োহুড়ি করে শ্রমিকেরা নিচে নামতে গিয়ে অন্তত অনেকেই আহত হয়।
আমজাদ আহতদের সংখ্যা স্পষ্ট করে জানাতে না পারলেও বলেন, আহত সকলকে শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানপুর হাসপাতালে আনা আহতরা হলো- সোনিয়া, তানিয়া, মোর্শেদা, সাহিদা, দিপালী, নূরুন্নাহার, মিলা, নিলুফা, ফাহিমা, চম্পা, ফাতেমা, লুৎফা, আশামনি, সেলিনা, কল্পনা, শিল্পী, মঞ্জুরা, পারভীন, নাদিয়া, রেহেনা, রাদিয়া, মিনা, সামসুন্নাহার প্রমুখ।
অবন্তি কালার টেক্স এর মালিক আসলাম সানি গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)সহ সভাপতি।
অবন্তী নিটেক্স এর ওয়েলফেয়ার অফিসার শারমিন জানান, রাত ৯টায় হঠাৎ করে ফায়ার সাইরেন বেজে উঠলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তখন দ্রুত বের হতে গেলে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২
তানভীর হোসেন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর