কুড়িগ্রাম : খাদ্য অধিদফতরের সহকারী খাদ্য উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রাম থেকে জেলার বিভিন্ন উপজেলার ৮ জনকে আটক করা হয়।
এ অবস্থায় ফাঁস হওয়া প্রশ্নপত্রেই পূর্ব নির্ধারিত তারিখ ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় শুরু হয় খাদ্য উপ-পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা।
পুলিশ জানায়, চতুরা গ্রামের জনৈক জলিল আমিনের বাড়িতে বসে কয়েকজন ল্যাপটপে ঢাকা থেকে মেইলে পাওয়া প্রশ্নপত্র প্রিন্ট করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৮ জনকে আটক করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময় : ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২