নারায়ণগঞ্জ: পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ থেকে ওয়াসা হটানোর জন্য আন্দোলন করা অরাজনৈতিক সংগঠন ওয়াসা হটাও সংগ্রাম কমিটি।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে বক্তারা এ দাবি জানান।
সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল বলেন, “ওয়াসা ২০১২ সালেই ৬ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ করেছে। ওভার টাইমের নামে ১ কোটি ৪৫ লাখ টাকা, কেমিকেল কেনার নামে ১ কোটি ৫ লাখ টাকা, কর্মচারীদের বেতন ও মজুরির নামে ৭৮ লাখ টাকা আত্মসাত করেছে। এছাড়া, ১৯৯২ সালের পর থেকে সংস্কারের নামে এ পর্যন্ত ৮১ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছে।”
তিনি আরও বলনে, “নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ওয়াসার বিষয়টি নিয়ে সমঝোতায় এসে এখন চুপ করে বসে আছে। কিন্তু ওয়াসা হটাও সংগ্রাম কমিটি বসে থাকবে না। নারায়ণগঞ্জ থেকে ওয়াসাকে হটিয়ে এ আন্দোলন থামবে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশদে বলনে, “নাগরিক কমিটি নারায়ণগঞ্জের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তারা ওয়াসার কাছে তাদের নৈতিকতা বিকিয়ে দিয়েছে।” প্রয়োজনে কমিটির নাম সংশোধন করে ওয়াসা হটাও কমিটিকে বিদ্যুত ও গ্যাস নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী নুরু উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নাসির উদ্দিন মন্টু, আরিফ দিপু, ডা. মোসাদ্দেক আলী, দুলাল মল্লিক, মনির হোসেন, সাঈদ আহম্মেদ রবিন, আহম্মদ আলী বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একটা বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। বাংলাদেশের কম্যুসিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মানববন্ধনে সংহতি প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর