 |
| ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
গণজাগরণ চত্বর থেকে: দেশে রাজাকার, আলবদরদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার বিকেলে শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
মুহিত বলেন, “এর আগে তরুণ প্রজন্ম বিকৃত ইতিহাস জেনেছে। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস এতোই শক্তিশালী যে, তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস আবার ফিরিয়ে এনেছে।”
তিনি বলেন, “তরুণরা জেগেছেন। তাদের থামিয়ে রাখা যাবে না। তারা এগিয়ে যাবেন। এ জাগরণের মাধ্যমে আমরা আমাদের সামাজিক অর্থনৈতিক মুক্তি অবশ্যই অর্জন করবো। এদেশে রাজাকার আলবদরের জায়গা হবে না।”
তিনি বলেন, “আমি এখানে অংশ নিয়ে নিজেকে ধন্য মনে করছি। আর এ প্রজন্মের প্রতিনিধি লাকি।”
অর্থমন্ত্রী বলেন, “আমি গত ৭ ফেব্রুয়ারি একাত্মতা ঘোষণা করেছিলাম। কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারিনি। আমি বিদেশে ছিলাম। গত ১৩ ফেব্রুয়ারি ইতালিতে থেকে গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম। আজ সশরীরে উপস্থিত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের সোমবার ১৪তম দিন। এ আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ গণআন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাগরণ সমাবেশ। উভয় সমাবেশেই যোগ দেয় লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com