 |
| ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীকে দেওয়া নির্বাচনী অঙ্গীকার পূরণ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর শনিবার চট্টগ্রাম সফর সফল করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের এগিয়ে যাওয়া আন্তর্জাতিক গণমাধ্যম এবং ব্যক্তিত্বদের কাছে প্রশংসিতও হচ্ছে।’
প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘শনিবারের সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। রাঙ্গুনিয়া স্কুল মাঠের জনসভায় চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দিবেন তিনি। এছাড়া তিনি রাঙ্গুনিয়ায় জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিলের উদ্বোধন করবেন।’
প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে রাঙ্গুনিয়াসহ পুরো চট্টগ্রাম জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭ ৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এসজি/টিসি