 |
| ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: ইন্দোনেশিয়ার ভূমিকম্পের ধাক্কা সুনামিতে রূপ নিয়ে বঙ্গোপসাগরের তীরে চট্টগ্রামে এসে আঘাত হানতে পারে বলে খবর পাওয়ার পর বুধবার বিকেলে জরুরি বৈঠকে বসেছেন বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও জেটিতে অবস্থানরত সব জাহাজকে সুনামি সতর্কতা পৌঁছে দেওয়া হয়েছে। জাহাজগুলোক সাবধানে চলাচল করতেও বলা হয়েছে। পণ্য ওঠানামায় সতকর্তা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে নগরীর মেহেদীবাগে ‘এম্বেসি বিল্ডিং’ নামে ছয় তলা একটি আবাসিক ভবন পাশের চার তলা ভবনের দিকে কিছুটা ঝুঁকে পড়েছে বলে জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা।
বন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্ক বার্তা পাঠানোর পর বন্দর কর্তৃপক্ষও সক্রিয় হয়ে উঠেছে। কমে গেছে জাহাজ চলাচলও।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ও জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানায়, বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিটে সুনামিটি চট্টগ্রাম অঞ্চলে আঘাত হানতে পারে। সুনামি আঘাত হানলে তার উচ্চতা ১৯ ফুটের বেশি হতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজের কাছে বিকেলে তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সুনামির আশঙ্কা কম। তবে সতর্ক থাকতে বলেছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল ও রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর