 |
‘পাগল তোর জন্যেরে পাগল এ মন’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার বেলাল খানের সুরে দ্বৈতগানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তারান্নুম মালিক ও রূপরেখা। তারান্নুম মালিকের কণ্ঠ মুম্বাই এবং রূপরেখার কণ্ঠ কলকাতার একটি স্টুডিওতে ধারণ করা হয়েছে। বেলাল কণ্ঠ দিয়েছেন ঢাকাতেই।
এ প্রসঙ্গে গান দু’টির সুরকার বেলাল খান বাংলানিউজকে জানিয়েছেন, সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য গানগুলো তৈরি করা হয়েছে। লিখেছেন খ্যাতিমান গীতিকার জুলফিকার রাসেল। তিনি তারান্নুম মালিক ও রূপরেখার কণ্ঠ ধারণের বিষয়টিও সমন্বয় করেছেন। সঙ্গীতায়োজন করেছেন সংগীত জুটি বেলাল খান ও মুশফিক লিটু।
বেলাল খান বলেন, ‘আমি যেরকম কণ্ঠ মাথায় রেখে গান দু’টি সুর করেছিলাম তার চেয়েও কয়েকগুণ ভালো আউটপুট পেয়েছি। তারা এতোই ভালো গেয়েছেন যে আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তারান্নুম মালিক যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সেটি একটি আইটেম গান। গানটি পুরোপুরি গতানুগতিক ধারার বাইরে সুর করা হয়েছে। আর রূপরেখা’র গানটি চলচ্চিত্রটির টাইটেল গান। আশা করছি শ্রোতারা দু’টি গানই পছন্দ করবেন।’
‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির পরিচালক সানিয়াত হোসেন বলেন, ‘প্রতিটি চলচ্চিত্রেই গান করার সময় শ্রোতারা কোনটা গ্রহণ করবেন সেটা চিন্তা করা হয়। আমি গান দু’টি নিয়ে ভীষণ আশাবাদী। আশা করছি, গানদু’টি বছরের সেরা গান হিসেবে বিবেচিত হবে।’
তিনি আরও জানান, ছবিটির গানগুলো নিয়ে একটি অডিও অ্যালবাম শিগগিরই বাজারে আসবে।
বাংলাদেশ সময় ১৭৪৫, জুন ১৫, ২০১২