কক্সবাজার: জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের চকরিয়ায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। এসময় ৩টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বায়তুশ শরফ রোড থেকে ১৫ থেকে ১৬ জন জামায়াত-শিবির কর্মী চকরিয়া পৌর সদরের বক্স রোডে এসে মিছিল বের করে।
মিছিল চকরিয়া হাইস্কুল রোড থেকে মহাসড়কের পৌঁছালে আরো শতাধিক নেতা-কর্মী মিছেলে যোগ দেয়। মিছিল থেকে একটা ট্রাক, একটা মাহিন্দ্র গাড়ি ও একটা মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
চকরিয়া থানার পরিদর্শক রণজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ করে নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।” পুলিশ সর্তকাবস্থানে রয়েছে বলে জানান তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন পৌর সদরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে করেন।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর