ঢাকা: আদালতের পরিবেশ শান্তই ছিল। অন্যদিনের মতো হট্টগোল ছিল না। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিনের পক্ষে ও চার্জশিট গ্রহণ না করার পক্ষে যুক্তি দেখাচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আর মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিপক্ষে ও চার্জশিট গ্রহণের পক্ষে যুক্তি দেখাচ্ছেন।
ম্যাজিস্ট্রেট যখন ৪৫ আসামির সবার চার্জশিট আমলে নেওয়ার আদেশ দেন তখনও আদালতের পরিবেশ শান্ত ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে আদালত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য্য ছিল সোমবার। সোয়া এগারটার দিকে ঢাকার সিএমএম আদালতে এসে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ ১০/১২ জন আইনজীবী।
তারপর আসতে থাকেন অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন, মোহসিন মিয়া, ইকবাল হোসেন, শাম্মী আক্তার, ওমর ফারুক ফারুকী, মোসলেহ উদ্দিন জামিন, তাহেরুল ইসলাম তৌহিদ, জয়নুল আবেদীন মেজবাহ, মহিউদ্দিন চৌধুরীসহ আরো শতাধিক আইনজীবী।
ঠিক ১২টা ২০ মিনিটে আদালতে আসন গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ। প্রথমে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিনের শুনানি করেন মওদুদ আহমদ। এছাড়া কারাগারে থাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল খান শাহীনের পক্ষেও জামিনের শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে আসামিদের জামিনের বিরোধিতা করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু। উভয় পক্ষের শুনানি শেষে বেলা ১টার সময় বিচারক জামিন না মঞ্জুরের আদেশ দেন।
আদেশের সঙ্গে সঙ্গে আইনজীবীরা আদালত কক্ষেই বিক্ষোভে ফেটে পড়েন। অনেক আইনজীবী অশালীন ভাষায় ম্যাজিস্ট্রেটকে গালাগাল দিতে থাকেন। অনেক আইনজীবী আদালত কক্ষে থাকা আইনজীবীদের বসার বেঞ্চ ও আলমারিতে লাথি মারেন। আদালতের ভেতরেই ‘আইনজীবী জেলে কেন, খুনি হাসিনা জবাব চাই’ সহ বিভিন্ন সরকার বিরোধী শ্লোগান দিতে থাকেন আইনজীবীরা। এ রকম এক বিব্রতকর অবস্থায় ম্যাজিস্ট্রেট দ্রুত এজলাস ছেড়ে যান। এভাবে আরও প্রায় ৩০ মিনিট আইনজীবীরা আদালত কক্ষের ভিতরেই বিক্ষোভ করতে থাকেন।
বেলা ২ টায় খোকনকে কারাগারে নিয়ে যাবার আগ পর্যন্ত আইনজীবীদের সিএমএম আদালতের সামনে বিক্ষোভ মিছিল ও শ্লোগান দিতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর