৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:১৮ পিএম BDST banglanew24
24 Jan 2013   02:20:12 PM   Thursday BdST
E-mail this

তোটক ছন্দে পাঁচ কবির কবিতা


সুব্রত অগাস্টিন গোমেজ, কামরুজ্জামান কামু, হিজল জোবায়ের, মেহেরুবা নিশা ও তানিম কবির
তোটক ছন্দে পাঁচ কবির কবিতা

নাগপঞ্চমী
সুব্রত অগাস্টিন গোমেজ

প্রিয়, আজকে আমার শুধু ভাঙছে দুয়ার,
ধুধু উড়ছে পরাগ কালো পাগলা ঝড়ে,
বুকে বর্শা-সমেত ছোটে মত্ত শুয়ার,
তত শুক্র উছল, যত রক্ত ঝরে!

ফাঁকা বৃক্কে আমার কোনো নক্তাহারী
বাঁকা কুকরি শানায় পাকাপোক্ত হারে :
তুমি আসবে কি আর? ভালবাসবে কি আর?
গোধূলির লালিমায় মধু হাসবে, প্রিয়া?

বহে সন্ধ্যানদীর মোহতন্দ্রামদির
মৃদু মেঘলাটে জল ভরা সর্বনাশের—
কালী-জিহ্বা— প্রথম-রতি-ভয়-তরাসে—
আমি কৃত্তিবাসের বুকে নৃত্যামোদী;

আমি চন্দ্রিকাখোর, আমি রৌদ্রখেকো,
আমি অন্ধকারের পোষা হ্যাংলা মেকুর;
আমি দংষ্ট্রানখর, আমি চৌর্যতুখোড়,
আমি রূপ ও অরূপ-চাঁছা ক্ষিপ্র উখো—

তুলে আর্তনাদের তানে মিড় মণিতের
আমি গান গেয়ে যাই একা শেষ ত্রুবাদুর;
আমি বীর্য ঝরাই জননীর যোনিতে,
মনোনির্জনে এক ভূতপূর্ব বাদুড়...

ধানবেচালোক
কামরুজ্জামান কামু

যারা ধানবেচালোক
ছোটো কুমড়া ফলায়
বড় জাংলি দিয়ে
তারা আসবে না আর
তোমাদের বাজারের
কোণাকাঞ্চিতে আর
তারা বেচবে না ধান
কোনো তিল পরিমাণ
দেশে খাদ্যেরও গান
পাখি গাইবে না আর
কেন কীটনাশকের
বিষে বাংলাদেশের
লোকে মরবে হেসে!
যদি ধান বেচে লাভ
কোনো নাই-বা তাদের
তবে বেচবে না ধান
হেন মোংলাকুটীর
লোকে ফটকাবাজির
গোয়া মারবে না আর!
তারা মাঠভরা ধান
তারা আমড়াবাগান
তারা গ্রাম থেকে এক
বড় পাইকারি লোক
ধরে রংপুরে যায়
সেথা হাটবাজারির
কথা কোন তা তা কয়!
এরা ধানবেচা আর
তারা ইংরেজি গায়
কেন বাংলাভাষায়!
কোনো ফর্মুলা নাই
বানে ঘর ভেসে যায়
নদীপারঘেঁষা লোক
তবু নৌকা চালায়
তারা নৌকাতে বউ
লয়ে ভিনদেশে যায়
যা যা পায় তা তা খায়
মহাজঙ্গলে ধায়
কালো ফল পেড়ে হায়
তারা বাচ্চাকে দেয়
হেন মাঘমাসে বাঘ
কেন চিৎকারিছেন
এরা কেউকেটা নয়
বাঘে ডাকলে হঠাৎ
এরা লাগবে তো ভয়!
তারা লাটসাহেবের
মতো বাটপেড়ে সব
খালি রক্ত চোষার
তালে ব্যস্ত সবাই
তারা চর্বি চাটার
কাজে ব্যস্ত সবাই
তারা ইংরেজি কয়
এরা ধানক্ষেতে রয়

যত মেঘ ফিরে যাও...
হিজল জোবায়ের

প্রথম সর্গ.
নদীতীর যমুনায় জাগা এই জনপদ
কত যুগ ঋতু আর কত রৌদ্র প্লাবন—
বহে অন্তবিহীন শত বর্ণ বিভায়!
যত প্রার্থিত সুখ, জীবনের উপাচার
ভরা এই জনপদ
ফলে প্রার্থনাময় এরা ভ্রাতৃসুলভ;
করে মৎস্যশিকার, কালো বাচ্চাসমেত—
এরা জল-শুশুকের সাথে সাঁতরে বেড়ায়,
জলে জলপরীদের বুকে স্তন করে পান।

দূরে অন্তবিহীন আলো পড়ছে কোথায়
কোনও সূর্যমুখীর ক্ষেতে জ্বলছে আগুন!
তাতে লোধ্ররেণুর লোভে উড়ছে ভ্রমর;
মৃদু বইছে বাতাস, তাতে শস্যক্ষেতের—
বুকে ঢেউ খেলে যায়
ভরা শস্যভাঁড়ার, ফলে মৌসুমি ফল
ঝুরিভর্তি ফলের শোভা গন্ধ বিলায়!
বায়ু আর নদীস্রোত থেকে ধার করে সুর
এরা গান বাঁধে আর সুখে বাদ্য বাজায়।

এরা এই জনপদ
কোনও ধর্মকিতাব কোনোদিন লেখে নাই
এ জীবন থেকে তাই—
খুঁজে নেয় জীবনের মানে নিংড়ে জীবন!

চলে ফুল প্রজনন...
দূরে ঐ শোনা যায় কলহাস্য তাদের
মুখে মদ ও তামাক, মিঠা ফল ফসলের—
দিনে কমলালেবুর বনে মস্ত আকাশ
তাতে চন্দ্রালোকের নিচে শয্যা সাজায়
তারা আব্রু ছাড়াই মাতে যৌনকাতর
জাগে লিঙ্গসমেত; ক্রমে জোছনা ঘনায়
আকাশের বুকে চাঁদ ঢালো জোছনা তোমার
জাগো মূক যত সুর, বহুমিশ্রিত হও
বহুখণ্ড শিলায় জমা বিদ্যুতে আর—
যত অব্যাহতির শেষে বৃষ্টিপতন!

আহা! মর্ত্যজীবন!!!
সাধু সন্ত তারাও ফুলে অর্ঘ্য সাজায়
করে এই জীবনের কাছে ফুল নিবেদন
আলো অন্ধকারের মাঝে ধীর নদী বয়
বহে ঢেউ ততোধিক ধীরে বইছে সময়...

চমকাবোনা তবু নিদ্রাঘোরে
মেহেরুবা নিশা

ওরে পুচ্ছ নাচায় কে সে বৃদ্ধ ময়ূর যেন দূর পাহাড়ে—
আমি টপকাবোনা তবু ক্রুদ্ধ পাহাড়— দূরে অন্ধগহীন— ঝোপে জমকালো বন
ভরা পুষ্প-শাখা, ঘন বৃক্ষরাজি—
আমি এইতো আছি ভালো সর্পজীবন
যেন নিদ্রাকাতর হয়ে শীতঘুমে যাই...
জেগে চমকে তাকাই— দেখি জাপটে আছে তনু দৃপ্ত ময়াল—
ওরে সঙ্গী আমার! একি কম্পনেরে আমি উঠছি জেগে যেন সুপ্ত রাগে!
একি তুচ্ছ আগুন! কেন গুচ্ছ পাতা পোড়ে বক্ষতলে!
দূরে ক্রুদ্ধ পাহাড় যেন উঠছে দুলে...
ওরে পুচ্ছ নাচা জোরে বৃদ্ধ ময়ূর
আমি চমকাবোনা তবু নিদ্রাঘোরে...

বুকপাতা বিদ্রূপে
তানিম কবির

আমি কাত হয়ে রই আলাপের বাসনায়,
একা এই দুপুরের নিরাকার পুকুরের
পাড়ে এক শামুকের চলাচল বাজে আজ।
অনুরূপ বাতাসের কাছে এই নালিশের
রেখাপাত করে যাই— যেন এক অভিনয়;
ঘিরে থাক মহিষের কালো শিং, আঁধারের
কলিজায় বিঁধে থাক অসুরের বীতশোক।

জলে শ্লোক মিশে যায় কুতুবের বয়ানের,
পারিজাত পেখমের ঘ্রাণে ঘুম শুয়ে, রাত
ছিঁড়ে নেয় অনাথের কলেমার মণিহার।
তুমি কার দিকে প্রেম— মেলে রও অহেতুক;
আমি বুক পাতা বিদ্রূপে কার লালসায়?
বয়ে যাই দুপুরের বাসনার কাছে রোজ—
জানিনাই শামুকের পারাপার বাণীভোজ।

বাংলাদেশ সময় : ১৩০৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান