বগুড়া : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে কঠোর অবস্থানে থাকবে জামায়াত-শিবির সংগঠন।
আগের হরতালগুলোর চেয়ে আরও অনেক বেশি শক্তি নিয়ে মাঠে থাকার ইঙ্গিত দিয়েছে সংগঠনটির আইটি বিভাগ।
শনিবার বাংলানিউজকে মোবাইল ফোনে এ খবর নিশ্চিত করেন সংগঠটির আইটি বিভাগ।
এদিকে, জামায়াত-শিবিরের ওপর ভর করে বিএনপিও সকাল থেকেই মাঠে থাকার কথা রয়েছে। অন্যদিকে, হরতাল না মানলে যে কোনো পরিস্থিতির সৃষ্টি করা হতে পারে বলে জানিয়েছেন জোটের একাধিক সূত্র। তবে, দলের সিনিয়র নেতারা বাংলানিউজকে জানান, যা কিছু হবে বা ঘটবে জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি তা করবে।
তারা আরও জানান, পুলিশ বা সরকারি দলের নেতাকর্মীরা যদি অহেতুক তাদের ওপর হামলা না করে অথবা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ হোসেন বাংলানিউজকে জানান, রোববারের হরতালে জনগণের জানমাল রক্ষাসহ যেকোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।
বাংলাদেশ সময় : ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
টি. এম. মামুন /সম্পাদনা : সুমন পাল ও মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর