 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন চার মাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়িয়েছে।
দিনশেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৪ পয়েন্টে।
এদিন মোট আর্থিক লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৪২ লাখ টাকা। এর আগে গত বছরের ১৪ অক্টোবর লেনদেন হয়েছিল ৬৯১ কোটি টাকা।এরপর দীর্ঘ সময় বাজার মন্দার মধ্য দিয়ে যায়।
ডিএসই ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লেনদেন গতি ফিরে পায় এবং চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন সাড়ে ৫শ’ কোটি টাকা ছাড়িয়ে যায়।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৯টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, সামিট পূর্বাঞ্চল, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সট, কেপিসিএল, বিইডিএল, এনভয় টেক্সটাইল ও তাল্লু স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, ড্যাফোডিল.কম, বিইডিএল, কাশেম ড্রাইসেল, আমরা টেকনোলজি, জাহিন টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, প্রগতি লাইফ, এ্যারামিট সিমেন্ট ও বিডি থাই।
দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, ৫ম আইসিবি, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জেমিনি সি ফুড, রিলায়েন্স ফার্স্ট, হাক্কানী পাল্প, আইসিবি ফার্স্ট এনআরবি ও ইউনাইটেড এয়ার।
অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৫ পয়েন্টে। আর্থিক লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯২ লাখ টাকা।
লেনদেন হওয়া ২০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর