পার্বতীপুর (দিনাজপুর): নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আব্দুর রশিদ (৩২) নামে জামায়াতের এক নেতাকে বুধবার গ্রেফতার করেছে পার্বতীপুর থানা পুলিশ।
আব্দুর রশিদ শহরের পশ্চিম নিউকলোনীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
এদিকে, বৃহস্পতিবারের হরতালের সমর্থণে পার্বতীপুর উপজেলা জামায়াত বিকেল ৫টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
শহরের ঢাকা মোড়ে (১ নম্বর রেলগেট) অনুষ্ঠিত সমাবেশে পার্বতীপুর উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, পৌর আমির মাওলানা ইউনুস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে বেলা ১টার দিকে রশিদকে গ্রেফতার করা হয়।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, “বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।”
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর