 |
ঢাকা: মার্কিন কংগ্রেসের হাউজ কমিটি অন ওয়েজ অ্যান্ড মিন্স এর র্যাংকিং সদস্য সেনডার মার্টিন লেভিনের সঙ্গে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
আলোচনাকালে আকরামুল কাদের জানান, বাংলাদেশের প্রধানতম রফতানি পণ্য তৈরি পোশাক বর্তমানে জিএসপি সুবিধার আওতা বহির্ভূত হওয়া সত্ত্বেও বাংলাদেশের অন্যান্য রফতানি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য জিএসপি সুবিধা অব্যাহত থাকা বিশেষভাবে জরুরি।
আকরামুল কাদের এ সময় মার্কিন কংগ্রেসের বিভিন্ন সদস্যের মধ্যে বিতরণের উদ্দেশে ‘বাংলাদেশ ইন ইউএস-জিএসপি’ শীর্ষক একটি প্রতিবেদন কংগ্রেসম্যান লেভিনের কাছে হস্তান্তর করেন।
এছাড়া তিনি সম্প্রতি আশুলিয়ার তাজরীন গার্মেন্টস ফ্যাক্টরিতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে এ বিষয়ে সরকার এবং তৈরি পোশাক শিল্পের পক্ষ থেকে গৃহীত নানাবিধ উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত প্রত্যেক গার্মেন্টস কর্মীর পরিবারকে ছয় লাখ টাকা করে দিয়েছেন। এছাড়া তৈরি পোশাক মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএ আগামী ১০ বছর পর্যন্ত ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে।
তিনি আরও জানান, Labor Compliance-এর যুক্তিতে বাংলাদেশের জিএসপি সুবিধা তুলে নেওয়া হলে তা দেশটির তৈরি পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। এ শিল্পে যুক্ত লাখ লাখ নারী কর্মী তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
আকরামুল কাদের বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়ে কংগ্রেসম্যান লেভিনের সমর্থন ও সহায়তা কামনা করেন।
কংগ্রেসম্যান লেভিন জানান, ইউএসটিআর বাংলাদেশের বিষয়টি যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও আশা প্রকাশ করেন, সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এছাড়া, শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
তিনি আরও জানান এ সব নেতিবাচক ঘটনা আন্তর্জাতিক ক্রেতা এবং মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিতে বিশেষ ভূমিকা রাখছে।
শ্রমিক স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে সফল রাষ্ট্রগুলোর চর্চা সম্পর্কে গবেষণা এবং উক্ত দেশগুলোর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর মানোন্নয়নের জন্য লেভিন বাংলাদেশকে পরামর্শ দেন।
আকরামুল কাদের মি. লেভিনকে কংগ্রেসম্যান হিসেবে শপথ নেওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
মিশন উপ-প্রধান জনাব মুহাম্মদ আবদুল মুহিত এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর