আগরতলা (ত্রিপুরা): ‘ডাইনি’ অপবাদ দিয়ে খুন করা হল মা ও মেয়েকে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম মহকুমায়। রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৬৫ বছর বয়সী আজনমালা ত্রিপুরা ও তার ৩ বছরের মেয়ে পুষ্পমালা ত্রিপুরা।
শাকবাড়ি গ্রামের নিষ্ঠুর এ ঘটনা রাজ্যের বিভিন্ন অংশে তীব্র সমালোচনা চলছে। গ্রামটি মহকুমা সদর থেকে বেশ কিছুটা দূরে এবং সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার এই ঘটনাটি ঘটেছে রোববার রাতে। কিন্তু এলাকার মানুষ ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে। সোমবার রাতে পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের ঘটনা।
পুলিশ জানিয়েছে, শাকবাড়ি গ্রামে বেশ কিছু দিন ধরেই রমনি দেববর্মা নামে এক জন অসুস্থ ছিলেন। গ্রামের লোকজনের ধারণা, আজনমালা ত্রিপুরা এবং তার মেয়ে পুষ্পমালা ত্রিপুরাকে ডাইনি ভর করেছে। তাদেরকে ১০ দিনের মধ্যে গ্রাম ছেড়ে যাবার নির্দেশ দেন গ্রামের লোকজন।
গ্রাম ছেড়ে না যাওয়ায় রোববার রাতে তাদের বাড়িতে হানা দেয় রমণী ত্রিপুরার তিন ছেলে। ওই তিনজন মা মেয়েকে পিটিয়ে মেরে ফেলে। তাদের সঙ্গে গ্রামের অন্য লোকজন ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
হত্যার পর মৃতদেহ সরিয়ে ফেলা হয়। সোমবার রাতে মরদেহ দুটি পুলিশ উদ্ধার করে।
ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত রমণী দেববর্মার তিন পলাতক রয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে গেছেন প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com