 |
অডিও সেক্টরে এই সময়ের সবচেয়ে সফল গায়ক ও সঙ্গীত পরিচালক আরফিন রুমি। শুধু অডিওতেই নয়, প্লে-ব্যাকেও সঙ্গীত পরিচালনা করে তিনি পেয়েছেন সাফল্য। নিজের গাওয়া গান দিয়ে তিনি যেমন পেয়েছেন জনপ্রিয়তা, তেমনি নতুন প্রজন্মের অনেক শিল্পীই আরফিন রুমির সুর ও সঙ্গীত পরিচালনায় গান গেয়ে পেয়েছেন সুপরিচিতি।
আরফিন রুমীর সুর ও সঙ্গীত পরিচালনায় বিভিন্ন সময় ন্যান্সি ও পড়শির গাওয়া গান তৈরি করেছে ক্রেজ। গতবছর তার সঙ্গীতায়োজনে শহিদ-শুভমিতার গাওয়া ‘এক জীবনে’ গানটি ছিল হিট লিস্টে শীর্ষে। এছাড়াও এবারের ভালোবাসা দিবসে রুমীর সঙ্গীতায়োজনে পড়শি ও পূজার একক অ্যালবামের বেশ কিছু গান শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। সময়ের আলোচিত গায়ক আরফিন রুমির নিজের সুর ও কণ্ঠে তৃতীয় একক ‘ভালোবাসি তোমায়’ ছিল গত বছরের একটি ব্যবসা সফল অ্যালবাম।
আরফিন রুমি সম্প্রতি বাংলানিউজকে জানিয়েছেন, চলতি বছর নিজের কণ্ঠে খুব বেশি গান করার ইচ্ছে তার নেই। অন্যদের জন্য গান করার প্রতিই তিনি বেশি জোর দিবেন। র বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নিজেদের দূরবীন ব্যান্ডের অন্যতম সদস্য কাজী শুভর দ্বিতীয় একব অ্যালবামের কাজ নিয়ে। মোহাম্মদপুরের নিজস্ব স্টুডিওতে চলছে এ অ্যালবামটির রেকর্ডিং। আরফিন রুমির সুর ও সংগীতায়োজনে কাজী শুভর এ অ্যালবামে থাকছে মোট ৮টি ফোক গান। যার মধ্যে ৫টি সংগৃহীত এবং ৩টি মৌলিক গান। গানগুলোর মধ্যে একটি গান নিজের লেখা।
কাজী শুভর দ্বিতীয় একক অ্যালবাম প্রসঙ্গে আরফিন রুমি বলেন, কাজী শুভর এ অ্যালবামের গানগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। এ অ্যালবামে ২টি দ্বৈত কণ্ঠের গান যোগ করার পরিকল্পনা আছে আমার।
আগামী দিনের কাজের কথা জানাতে চাইলে রুমি বললেন, আগামী কিছুদিন আমি অন্যদের জন্য গান তৈরি করার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। সত্যি বলতে কী নিজে গান গাওয়ার চেয়ে অন্যদের জন্য গান তৈরি করেই আমি বেশি আনন্দ পাই। কারণ আমি আগে সুরকার ও সঙ্গীতপরিচালক, পরে গায়ক। অন্যদের কণ্ঠে আমার তৈরি করা গান জনপ্রিয়তা পেলে আমি বেশ আত্ম-তৃপ্তি অনুভব করি।
দু-একটি দ্বৈতগানও অ্যালবামে থাকতে পারে বলেও জানালেন রুমি। কাজী শুভ’র এ অ্যালবাম নিয়ে রুমি বলেন, বর্তমান সময়টা অন্যের জন্য গান তৈরি করেই কাটাতে চাই। তবে সবার গান করছি না। বেশ বেছে বেছে গান করছি। এরই মধ্যে শুভ ভাইয়ের কাজ শুরু করেছি। শুভ ভাইয়ের এ অ্যালবামের গানগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। আর আমি যেহেতু সংগীত পরিচালক, তাই নিজের কণ্ঠের গানের চেয়ে অন্যের কণ্ঠের গান শ্রোতারা পছন্দ করলে আমার আত্মতৃপ্তিটা বেশি হয়।
কাজী শুভর দ্বিতীয় একক অ্যালবামের কাজের মাঝেই সম্প্রতি আরফিন শুভ মুস্তফা কামাল রাজের নতুন চলচ্চিত্র ‘ছায়াছবি’র কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন। এই গানগুলো যারা শুনেছেন, তারা মুগ্ধ হয়েছেন প্রত্যেকেই।
বাংলাদেশ সময় ১৮৪৫, মার্চ ২৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক (বিনোদন)