 |
ঢাকা : দেশের শেয়ারবাজারকে আবারো `দুষ্টু` বলে আখ্যায়িত করে ``এর ওষুধ যেটা সেটা আসছে`` বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ``পুরো বাজারটাই দুষ্টু। বিনিয়োগকারীদের সবাই বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু কেউই বাজার ছেড়ে যাচ্ছেন না।``
পুঁজিবাজার নিয়ে হতাশ কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ``আমি হতাশ ।``
প্রসঙ্গক্রমে তিনি জানান, দেশের মোট বার্ষিক বিনিয়োগের মাত্র ১ শতাংশ শেয়ারবাজার থেকে আসে।
এর আগে অর্থ মন্ত্রণালয়ে সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি ও বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ``বাজেট নিয়ে হৈ চৈ হচ্ছে, আরো হবে। তবে কোনো কিছু পরিবর্তনের আগে আরো আলোচনার প্রয়োজন আছে।``
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ``মোবাইল বিলের ওপর করারোপের বিষয়টি এতোটা প্রতিক্রিয়ার সৃষ্টি করবে সেটা আগে বোঝা যায়নি।``
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ``এ ব্যাপারে সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়েছে। নীতিমালাও প্রায় চূড়ান্ত। কিন্তু এটা কবে থেকে বাস্তবায়িত হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বাজেট পাসের পরে এ নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হবে। ``
বিদ্যুৎ খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ``সার্বিকভাবে বিদ্যুৎ খাত নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে আমাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী ১৯/২০ জুন এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।``
অবকাঠামো উন্নয়ন তহবিল গঠনে বন্ড ছাড়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ``এ বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে। শুধু এর মেয়াদ ৫ বছর না ১০ বছর হবে এবং এর করের হারের বিষয়টি এখনো ঠিক করা হয়নি। এটি ঠিক হয়ে গেলেই এটা ছাড়া হবে।``
বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘন্টা, জুন ১৩, ২০১২
এসআর/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com