হায়দরাবাদ: চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সফলতার দিক থেকে সৌরভ গাঙ্গুলীকে ছুঁয়েছিলেন। এবার হায়দরাবাদ টেস্ট জয়ে তাঁকে ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৩৫ রানের জয়টি অধিনায়ক হিসেবে ধোনির ৪৫ ম্যাচে ২২তম জয়। চার ম্যাচ বেশি খেলে ২১ টেস্ট জিতেছিলেন অধিনায়ক গাঙ্গুলী।
নেতৃত্বে থাকাকালে দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককেই এ সফলতার কৃতিত্ব দিলেন ধোনি। ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক বললেন,‘সবসময় বলে এসেছি, আমি খুব ভালো একটা দল পেয়েছি। হ্যাঁ, আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছি যখন অনেক ম্যাচই জিততে পারিনি। কিন্তু জয়-পরাজয় যাই হোক না কেন এর অর্জন বা ব্যর্থতা পুরো দলেরই।’
ধোনি আরো বলেন,‘দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এর কৃতিত্ব দিতে চাই। গ্যারি (কারস্টেন) ছিলেন চমৎকার, এখন ডানকানও (ফ্লেচার)। আমি মনে করি সবই সমন্বিত প্রচেষ্টা এবং দলের প্রত্যেকেই এ কৃতিত্বের অংশীদার।’
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৫ মার্চ ২০১৩
এফএইচএম/এএইচবি/এসএ