চট্টগ্রাম: বাপেক্স’র মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের সম্ভাব্য স্থানসমূহে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।
সোমবার এক ফ্যাক্স বার্তায় চেম্বার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ আহ্বান জানান। কৈলাসটিলা ও হরিপুরে প্রায় ৪৫ হাজার কোটি টাকা মূল্যের তেল ক্ষেত্র আবিষ্কারে সাফল্যের পর এ ফ্যাক্স বার্তা প্রেরণ করেন।
এ সাফল্যের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাপেক্স, বাংলাদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেন চেম্বার সভাপতি।
চট্টগ্রামে সাঙ্গু গ্যাস ফিল্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের বিভিন্ন সমীক্ষায় পটিয়ার বুদবুদি ছড়া, বাঁশখালীর জলদি, সীতাকুন্ডের সীতার পাহাড় ও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে গ্যাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনার প্রমাণ পাওয়া যায়।
বাপেক্স বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতি ও লোকবলসহ এ ধরণের অনুসন্ধান চালানোর ক্ষেত্রে অতীতের তুলনায় অনেকবেশি স্বয়ংসম্পূর্ণ বিধায় তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি।
প্রস্তাবিত অঞ্চলে অনুসন্ধান চালানোর মাধ্যমে গ্যাস আবিষ্কৃত হলে তা জাতীয় চাহিদা মেটানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি সাধনে সক্ষম হবে বলে চেম্বার সভাপতি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময় : ২১৫৫ ঘণ্টা, মে ২১, ২০১২
তপন চক্রবর্তী
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর