 |
| ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: প্রতিদিনের মতো জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শাহবাগের গণজাগরণ চত্বরে চলমান গণআন্দোলনের ২৫তম দিনের কর্মসূচি।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে যথারীতি কর্মসূচি শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে আন্দোলনকারীদের বজ্র কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়।
শুক্রবার আন্দোলনের কর্মসূচিতে রয়েছে, বাদ জুম্মা মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও সন্ধ্যায় অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা এবং বিকেল ৩টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা, উপজেলায় জনসমাবেশ। এদিন পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের গণজাগরণ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
শনিবার সকাল থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও সব ধরনের যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ওই দিন বিকেল থেকে শাহবাগের গণজাগরণ চত্বরে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টানা গণআন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো মানুষ।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর