 |
মুম্বাই: কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আগামী পাঁচ বছর প্রবেশ করতে পারবেন না মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের জন্য বলিউড বাদশাকে এ নিষেধাজ্ঞা দিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
এমসিএ সভাপতি বিলাশ রাও দেসমুখ বলেন, ‘এমসিএ ম্যানেজিং কমিটি শহারুখকে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিৎ নয়। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ উভয় ক্ষেত্রেই বহাল থাকবে নিষেধাজ্ঞা। আমরা অ্যাসোসিয়েসনের সম্মান রক্ষার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। বিসিসিআই আমাদের অভিভাবক। যা ঘটেছিলো সে সম্পর্কে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে বিসিসিআইকে। বিসিসিআইয়ের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যদিও ওয়াংখেড়ে স্টেডিয়ামের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীন অধিকার আছে আমাদের।’
বলিউডের জনপ্রিয় এই অভিনেতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেসমুখ বলেন, ‘কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। এটি সবার জন্যই একটি বার্তা, সে যেই হোক না কেন অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে শাহারুখের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) দিতে পারেন বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। তিনি বলেন, ‘রাজ্য প্রশাসন কেবল সুপারিশ করতে পারে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নেবে বিসিসিআই। বোর্ডের কাছে বিষয়টি আসলে তারাই সিদ্ধান্ত দেবে।’
শাহারুখ খানের ওপর মদ্যপ থাকার পাশাপাশি বাজে আচরণ, দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মীদের ওপর চড়াও হওয়া ও ধস্তাধস্তির অভিযোগ এনেছিলো এমসিসি। ১৬ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নাইট রাইডার্সের ম্যাচ শেষে ঘটানাটি ঘটে।
তবে এমসিএর অভিযোগ অস্বীকার করেছেন শাহরুখ খান। বলিউডের জনপ্রিয় অভিনেতা এবিষয়ে বলেন, ‘হ্যাঁ, তাদের ব্যবহারে আমি ক্ষুব্ধ হয়েছিলাম। কিন্তু মদ্যপ ছিলাম না।’
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৮, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর