 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম:জুমার নামাজের পর মিছিল বের করে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ভাংচুর ও পুলিশের ওপর হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা মসজিদ থেকে বের হয়েই মিছিল শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা নারায়ে তাকবির শ্লোগান দিয়ে চকবাজার যাওয়ার পথে সিরাজ-উদ-দৌল্লা রোডের আশপাশের বাসা-বাড়ি, দোকানপাটসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
মিছিল শেষে চকবাজার এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জামায়াত-শিবির। পরে সেখানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে।
এরপর তারা চকবাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে পুলিশ-বিজিবি ও জামায়াত-শিবির মুখোমুখি অবস্থানে আছে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত কনস্টেল আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, চকবাজার মোড়ে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মিছিলকারীরা। তাদের ছুড়া ইট-পাটকেলের আঘাতে চট্টগ্রাম পুলিশ লাইনসে কর্মরত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মো. রাশেদ (নম্বর-৪০৪৪), মো. সোলায়মান (২৫২৯), মো. সাইফুল (৪৫১১) এবং নাসির উদ্দিন (৩৬১৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামায়াত-শিবিরের ক্যাডাররা নগরীর আন্দরকিল্লা থেকে মিছিল বের করে। মিছিলটি সিরাজ-উদ-দৌল্লা সড়কের সড়ক ওপর সৌন্দর্যবর্ধণের জন্য স্থাপিত ফুলের টব ও গাছ ভাংচুর করে।
এছাড়া চন্দরপুরা, দেওয়ানজি পুকুর পাড়, দেওয়ানবাজার এলাকায় সড়কের দুই পাশে অবস্থিত প্রায় ৩০টি ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুর করে।
জামায়াত-শিবিরের ক্যাডাররা এসময় অন্তত তিনটি গাড়ি ভাংচুর করেছে বলে জানান প্রত্যক্ষদর্শী লোকজন।
চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ:
এদিকে বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবির কর্মীরা। ফলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহাজাহান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বিভিন্ন অংশে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে জমায়াত-শিবির কর্মীরা। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
সাতাকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের কেরানিহাট, চুনতি, রাস্তার মাথা এলাকায় গাছের গুড়ি ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা।
তাই কক্সবাজারগামী গাড়িসহ কোন ধরণের যানবাহন চলাচল করতে পারছে না। এতে দুর্ভোগে পড়েছেন পর্যটক ও সাধারণ যাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৪ ২০ ঘণ্টা,মার্চ ০১, ২০১৩
এমবিএম/এসজি/এমইউ/টিসি