ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে পরুষদেরও এগিয়ে আসতে হবে। নারীর প্রতি গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার পাশাপাশি সমন্বিত উদ্যোগে কাজের ক্ষেত্র গড়ে তুলতে হবে।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিআরইউ’র নিয়মিত মিট দ্য রিপোর্টার্সে ড. শিরীন শারমিন চৌধুরী এ আহ্বান করেন।
তিনি বলেন, “ নারীর ক্ষমতায়ন মানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়ন। এই দিকগুলো সম্পর্কে তৃণমূল পর্যায়ে নারীরা বঞ্চিত হলে তাদের ক্ষমতায়ন সম্ভব নয়। এবারের নারী দিবসে তৃনমূল পর্যায়ে নারীর তথ্য পাওয়ার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।”
মন্ত্রী এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর তথ্য পাওয়ার অধিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’র বিষয়টিও তুলে ধরেন।
তিনি আরও বলেন, “নারী ও শিশুদের জঙ্গিবাদ এবং সহিংস কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক।”
এ ধরণের অপতৎপরতা প্রতিরোধে সরকারের পাশাপাশি সচেতন সকল মহলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
শিরীন শারমিন চৌধুরী জানান, নারীর সকল ধরণের সুরক্ষাসহ নারী উন্নয়নের গুরুত্বপূর্ণ দলিল ‘নারী উন্নয়ন নীতি’ বিষয়ে সকল নারী সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রতি বছর ডিআরইউ’র উদ্যোগে শ্রেষ্ঠ রিপোর্ট প্রতিযোগিতায় নারী বিষয়ক রিপোর্টিংয়ের ওপর পুরস্কার প্রদানেরও আশ্বাস দেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রতিমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করে ডিআরইউ।
ডিআরইউরে সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে মিট দ্য রিপোর্টার্সে বক্তব্য রাখেন সংগঠনের নারী বিষয়ক সম্পাদক আইরীন নিয়াজী মান্না। সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক রেজাউল করীম ও কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমএইচপি/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com