 |
সিলেট: ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের বর্তমান আমির এহসানুল মাহবুব জুবায়েরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল।
শনিবার রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের গার্ডেন রেসিডেন্সের ৩০৩ নম্বর কক্ষ থেকে র্যাব-১ এর একটি দল তাকে আটক করে।
সিলেট মহানগর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জুবায়েরকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এহসানুল মাহবুব জুবায়েরের আটকের কথা শুনেছেন বলে জানান।
জুবায়েরের বিরুদ্ধে অন্তত ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার উদ্দেশে ঢাকায় গিয়ে উত্তরার গার্ডেন রেসিডেন্স নামে ওই গেস্ট হাউসে অবস্থান করছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জুবায়ের।
রোববার ভোর রাতে ওই গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাকে আটক করে ৠাব।
জানা গেছে, রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ইত্যাদি অভিযোগে গত সাড়ে ৪ বছরে ২৫টি মামলা হয়েছে অ্যাডভোকেট জুবায়েরের বিরুদ্ধে। এগুলোর বেশির ভাগ মামলাতেই জামিনে আছেন তিনি।
তবে, সম্প্রতি দায়ের করা ২/৩টি মামলায় তিনি জামিন নিতে ঢাকায় গিয়েছিলেন।
জুবায়েরের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/জেএস/সম্পাদনা : হুসাইন আজাদ, শামীম হোসেন, নিউজরুম এডিটর