 |
সোহরাওয়ার্দী উদ্যান থেকে: আওয়ামী লীগের জনসভাকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে সোহরাওরার্দী উদ্যানের আশপাশসহ পুরো এলাকা।
সোমবার সকাল থেকেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা জনসভার মূল মঞ্চ থেকে শুরু করে পুরো এলাকা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছেন। জনসভায় প্রবেশের ১৬ টি গেটে থাকছে আর্চওয়ে।
পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরপাত্তার ধাপগুলো হলো পিজিআর, এসএসএফ, এসবি, সিআইডি এবং পুলিশ। আর পুলিশের ভাগের মধ্যে রয়েছে র্যাব ও এপিবিএন।
সূত্র জানায়, মূল মঞ্চের চারপাশে অবস্থানে থাকবে পিজিআর অর্থ্যাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ইতিমধ্যে এই দলের সদস্যরা মঞ্চের চারপাশে অবস্থান নিয়েছেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) জনসভা স্থলে এসেছে। তারা চারপাশ সুইপিং করে নিচ্ছেন। মঞ্চের ডান পাশে লেক পর্যন্ত স্ক্যান করা হয়েছে। এসবি এবং সিআইডির সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি রেখেছেন।
আর পুলিশ পুরো এলাকায় সশস্ত্র অবস্থানে থাকবেন। পাশাপাশি থাকবেন র্যাব সদস্যরা।
জনসভায় দায়িত্বপালনকারী নিউমার্কেট থানার সাব ইন্সপেক্টর কৃষ্ণ বিশ্বাস বাংলানিউজকে বলেন, “এই জনসভায় প্রবেশের মোট ১৬ গেট থাকবে। প্রতিটি গেটেই আর্চওয়ে থাকবে। পাশাপাশি স্ক্যানার দিয়ে চেক করা হবে।”
এদিকে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন থেকে ডগ স্কোয়াড আনা হয়েছে। ওয়ারেন্ট অফিসার বদরুল ইসলাম বাংলানিউজকে বলেন, “নবম পদাতিক ডিভিশন থেকে চারটি টিম আনা হয়েছে। তারা জনসভার নিরাপত্তার কাজ করছেন।”
এছাড়া প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট থেকে শতাধিক সদস্য থাকবেন বলে জানা গেছে।
এছাড়া জনসভার নিরাপত্তার জন্য র্যাবের একটি দল কাজ করছে। র্যাব-৩ এর ডিএডি আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, সদর দফতর থেকে ডগ স্কোয়াডসহ নিরাপত্তার বিভিন্ন জিনিসপত্র এসেছে। তারা এ লক্ষে প্রস্তুতিও সম্পন্ন করেছেন।
সার্বিক বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার কোথাও কোন ত্রুটি নেই। পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকছেন।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
আইএ/এমইউএম/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম